মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগের জেরে চরম ক্ষোভ ও অভিমানে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জীবন (২০) নামের এক যুবক। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় ওই যুবককে আশঙ্কাজনক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি আঙ্গারিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে জীবনের সঙ্গে একই এলাকার ১৬ বছর বয়সী তরুণী মিমের প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে বিয়ে হয়। পরবর্তীতে তারা জীবনের বাড়িতেই বসবাস শুরু করছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় মিমের পরিবারের লোকজন আকস্মিকভাবে ওই বাড়িতে উপস্থিত হন এবং জোরপূর্বক তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। জীবন এই অনধিকার প্রবেশ ও বলপ্রয়োগে বাধা দেওয়ার চেষ্টা করলেও শ্বশুরবাড়ির লোকজনের প্রভাবশালী ভূমিকার সামনে ব্যর্থ হন। চোখের সামনে স্ত্রীকে এভাবে জোর করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র মানসিক অভিঘাত ও ক্ষোভে ফেড়ে পড়েন জীবন। একপর্যায়ে তিনি নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। তার আকস্মিক আত্মঘাতী পদক্ষেপে মুহূর্তেই আগুন সারা শরীরে ছড়িয়ে পড়ে। এ সময় তার আর্তনাদে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত আগুন নেভান এবং মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের উল্লেখযোগ্য একটি অংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া মাত্রই আইনগত প্রক্রিয়া শুরু করা হবে বলে তিনি নিশ্চিত করেন।