ফেনীতে বাবার অটোরিকশা নিয়ে বের হয়ে মাদরাসাছাত্র নিখোঁজ

ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকা থেকে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে মাশুকুর রহমান ইমন (১৫) নামের এক মাদরাসাছাত্রের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার একদিন পর শহরতলীর ফতেহপুর এলাকা থেকে ব্যাটারিবিহীন অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করা হলেও এখন পর্যন্ত ওই কিশোরের কোনো সন্ধান মেলেনি।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফিরেছিল ইমন। এরপর সন্ধ্যার দিকে সে তার বাবার অটোরিকশাটি নিয়ে বের হয় এবং রাতে আর ঘরে ফেরেনি। নিখোঁজের সময় তার পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে ইমনের বাবা শহীদুল ইসলাম সুজন ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর থেকেই পুলিশ নিখোঁজ মাদরাসাছাত্রকে উদ্ধারে তৎপরতা শুরু করে। অনুসন্ধানের একপর্যায়ে ফতেহপুর এলাকার একটি সড়কের পাশ থেকে অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

কান্নাজড়িত কণ্ঠে ইমনের বাবা শহীদুল ইসলাম সুজন জানান, তিনি নিজে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং মাদরাসা ছুটির পর ইমন মাঝে মাঝে শখের বশে বাড়ির আশপাশে অটোরিকশাটি চালাত। তিনি আরও জানান, নির্দিষ্ট কোনো শত্রুর কথা তিনি বলতে না পারলেও গত কয়েকদিন ধরে তার ছেলের এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ইমনের মনোমালিন্য বা ঝগড়া হয়েছিল বলে তিনি শুনেছেন। তবে এই ঘটনার সঙ্গে নিখোঁজের কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি কেবল তার সন্তানকে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, মাদরাসাছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত হওয়ার পর থেকেই পুলিশ নিবিড়ভাবে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে উদ্ধার হওয়া অটোরিকশাকে ঘিরে এবং প্রযুক্তির সহায়তায় ইমনকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

০%
০%
০%
০%