গাইবান্ধার সাঘাটা উপজেলায় বৈধ নিয়মনীতি লঙ্ঘন করে নিজ বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত করার অপরাধে মেসার্স হক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মুঞ্জুরুল হককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বোনারপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিবরণ সূত্রে জানা যায়, মেসার্স হক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মুঞ্জুরুল হক একজন লাইসেন্সপ্রাপ্ত সার ডিলার হওয়া সত্ত্বেও নির্ধারিত বিক্রয় কেন্দ্রের বাইরে গিয়ে সার পরিবহন ও গুদামজাত করছিলেন। বিষয়টি স্থানীয় কৃষি বিভাগের নজরে আসলে তাৎক্ষণিকভাবে এর সত্যতা যাচাইয়ে পদক্ষেপ নেওয়া হয়। পরে ওই ডিলারের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৪০ বস্তা এমওপি (পটাশ) সার জব্দ করা হয়।
পরিস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্তকে অবহিত করা হয়। পরবর্তীতে তাঁর নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এবং কৃষি বিপণন ও সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, অভিযুক্ত মুঞ্জুরুল একজন অনুমোদিত সার ডিলার হলেও কৃষি বিভাগের পূর্বানুমতি ছাড়া নিজ বাড়িতে সার মজুত করে আইন অমান্য করেছেন। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়িতে অবৈধভাবে মজুত করা সমস্ত সার দ্রুত তার নির্ধারিত লাইসেন্সপ্রাপ্ত বিক্রয় কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয় এবং প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।