নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দুধ চুরির পর ফেরত দিল অভিযুক্তরা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৩০ প্যাকেট দুধ চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় একটি নৌকাবাইচ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড়ের সুযোগ নিয়ে এই চুরির ঘটনা ঘটে। ঘটনার পাঁচ দিন পর গত বুধবার সকালে অভিযুক্তরা ২৭ প্যাকেট দুধ বিদ্যালয়ে ফেরত দেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার স্থানীয় নৌকাবাইচ উপলক্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী বিদ্যালয় প্রাঙ্গণে আসেন। সে সময় অতিথিদের আপ্যায়ন ও বসার ব্যবস্থা নিশ্চিত করতে ব্যস্ত ছিলেন শিক্ষকরা। বিদ্যালয়ের লাইব্রেরিতে তখন মোট ৭৯ প্যাকেট দুধ মজুত ছিল। এই ব্যস্ততার সুযোগ নিয়ে স্থানীয় বিন্না ইয়ংমেন্স ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মো. নাদিম মাহমুদ ও তার দুই সহযোগী লাইব্রেরি থেকে ৩০ প্যাকেট দুধ নিয়ে যান বলে অভিযোগ ওঠে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. আশা জানান, বিষয়টি গত মঙ্গলবার প্রাথমিকভাবে ধরা পড়ে এবং বুধবার সকালে তা এলাকায় জানাজানি হয়। পরে চাপের মুখে নাদিম ও তার সহযোগীরা বিদ্যালয়ে এসে ২৭ প্যাকেট দুধ ফেরত দিয়ে যান। বাকি তিন প্যাকেট দুধ ইতোমধ্যে খেয়ে ফেলা হয়েছে বলে তারা স্বীকার করেন। অভিযুক্ত মো. নাদিম মাহমুদ দাবি করেন, সেগুলো শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল তা তাদের জানা ছিল না। পরে বিষয়টি জানার পর তারা বাকি ২৭ প্যাকেট দুধ খুঁজে এনে বিদ্যালয়ে জমা দেন।

এদিকে ঘটনার পরপরই বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন শিক্ষা অফিসকে অবহিত না করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে শোকজ করা হয়েছে। প্রধান শিক্ষক জানান, নৌকাবাইচের অতিথিদের বসার ব্যবস্থা করতে বিদ্যালয় খোলা রাখা হয়েছিল এবং তিনি ওয়াশরুমে যাওয়ার সুযোগেই এই চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম জানান, গত শুক্রবার চুরির ঘটনা ঘটলেও প্রধান শিক্ষক বিষয়টি সময়মতো শিক্ষা অফিসকে জানাননি। এই গাফিলতির কারণে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে এবং আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চুরি যাওয়া দুধের বেশিরভাগ অংশ ইতোমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

০%
০%
০%
০%