ব্যাটারি চুরি করতে গিয়ে জামাইয়ের কিলঘুষিতে প্রাণ হারালেন শ্বশুর

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর ধস্তাধস্তির একপর্যায়ে মেয়ের জামাইয়ের আঘাতে শ্বশুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে ৪৮ বছর বয়সী সিদ্দিকুর রহমানের বসতঘরের পাশে রাখা অটোরিকশার ব্যাটারি চুরি করার চেষ্টা চালান তার নিজের জামাই রাসেল। এ সময় অটোরিকশার পাশ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পেয়ে সিদ্দিকুর রহমান ও তার ছেলে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। অন্ধকারের মধ্যে চোর সন্দেহে তারা রাসেলকে জাপটে ধরেন। এ সময় রাসেলের সঙ্গে তার শ্বশুর সিদ্দিকুর রহমানের প্রচণ্ড ধস্তাধস্তি শুরু হয়। হাতাহাতির একপর্যায়ে রাসেলের মারাত্মক আঘাতে সিদ্দিকুর রহমান গুরুতর জখম হন এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।

এদিকে ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন অভিযুক্ত রাসেলকে ধরে ফেলে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের হাত থেকে অভিযুক্ত রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে আঘাত পেয়ে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে যে অভিযুক্ত রাসেল নিহতের আপন মেয়ের জামাই। বর্তমানে পুলিশ হেফাজতে রাসেলের চিকিৎসা চলছে। পুরো হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

০%
০%
০%
০%