এনএফএল খেলোয়াড়ের জরিমানা পরিশোধের ঘোষণা কাইরি আরভিংয়ের

ন্যাশনাল ফুটবল লিগের নিয়ম ভঙ্গের দায়ে জরিমানা গুনতে হলো হিউস্টন টেক্সানসের লাইনব্যাকার আজিজ আল-শাইরকে। গত সপ্তাহে বাফেলো বিলসের বিপক্ষে ম্যাচে নিজের আই ব্ল্যাকে ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের নাম লিখেছিলেন এই খেলোয়াড়। এই অপরাধে তাকে ১১,৯৪১ ডলার জরিমানা করেছে এনএফএল কর্তৃপক্ষ।

খেলোয়াড়দের সরঞ্জাম ও পোশাক সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে এই শাস্তির মুখোমুখি হয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা। তবে এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন বাস্কেটবল সুপারস্টার কাইরি আরভিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে জরিমানার খবরটি ছড়িয়ে পড়ার পরপরই আরভিং ঘোষণা দিয়েছেন যে, তিনি আল-শাইরের এই জরিমানার অর্থ পরিশোধ করবেন।

আজিজ আল-শাইর মাঠের ভেতরে ও বাইরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত। এর আগেও গত জানুয়ারি মাসে নোজ টেপে ‘স্টপ দ্য জেনোসাইড’ বার্তা লিখে তিনি জরিমানার কবলে পড়েছিলেন। তার এই মানবিক অবস্থান ও প্রতিবাদী সত্তা ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, এনএফএল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ক্রীড়াপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই জরিমানাকে অমানবিক বলে আখ্যায়িত করেছেন। একদিকে যখন লিগ কর্তৃপক্ষ বিভিন্ন ম্যাচে ইসরায়েলের সমর্থনে নীরবতা পালন বা প্রতীকী সমর্থন প্রদর্শন করছে, ঠিক তখনই ফিলিস্তিনিদের পক্ষে সচেতনতা তৈরি করায় খেলোয়াড়দের ওপর এমন নিষেধাজ্ঞা ও জরিমানা বৈষম্যের অভিযোগকে আরও জোরালো করেছে।

০%
০%
০%
০%