মিয়ানমারে পাচারের সময় কোস্ট গার্ডের অভিযানে ৬৩ মেট্রিক টন সিমেন্ট জব্দ, আটক দুই

চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী সাগরপথ দিয়ে মিয়ানমারে পাচারের সময় পৃথক দুটি অভিযান পরিচালনা করে এক হাজার ২৬০ বস্তা সিমেন্টসহ দুটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে একটি সন্দেহজনক কার্গো বোট তল্লাশি করে। এ সময় তিন লাখ পঁচাত্তর হাজার টাকা মূল্যের সাতশ ৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার মোট ওজন ছিল সাইত্রিশ হাজার পাঁচশ কেজি। এই অভিযানে বোটটিসহ দুই পাচারকারীকে আটক করা হয়।

অন্যদিকে, বাঁশখালী থানাধীন বাংলাবাজার ঘাটসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী। সেখানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে দুই লাখ আশি হাজার পাঁচশ টাকা মূল্যের পাঁচশ ১০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার ওজন ছিল পঁচিশ হাজার পাঁচশ কেজি। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উভয় অভিযানে সর্বমোট তেষট্টি হাজার কেজি বা তেষট্টি মেট্রিক টন সিমেন্ট এবং দুটি বোট জব্দ করা হয়। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে।

০%
০%
০%
০%