বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য ফিফার বিশেষ চমক এবার মিলবে চ্যাম্পিয়নশিপ রিং

ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের পাশাপাশি এবার নতুন এক ঐতিহ্যের সাক্ষী হতে যাচ্ছে চ্যাম্পিয়ন দল। ফিফার সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, আসন্ন বিশ্বকাপ ফাইনালের বিজয়ী স্পেন কিংবা আর্জেন্টিনার খেলোয়াড়রা ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি পাবেন বিশেষ চ্যাম্পিয়ন রিং। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল ম্যাচে বিজয়ী দলের ৩০ জন সদস্যকে এই আংটি প্রদান করা হবে। ম্যাচ শেষে সাময়িকভাবে অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতিকি সংস্করণ তুলে দেওয়া হলেও, পরবর্তীতে বিজয়ী দলের পরিচিতি ও স্বকীয়তা ফুটিয়ে তুলে প্রতিটি আংটি কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আংটির একপাশে বিশ্বকাপের ট্রফির প্রতিকৃতি এবং অন্যপাশে চ্যাম্পিয়ন দলের বিশেষ তথ্য খোদাই করা থাকবে। ফিফার এই নতুন উদ্যোগটি ফুটবলকে উত্তর আমেরিকার জনপ্রিয় খেলার ধারা ও সংস্কৃতির আদলে ঢেলে সাজানোর প্রচেষ্টারই অংশ হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। খেলোয়াড়দের জন্য তৈরি এই লিমিটেড এডিশনের মোট ২ হাজার ২৬টি আংটি তৈরি করা হবে, যার মধ্যে অবশিষ্ট ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বজুড়ে সাধারণ ভক্তদের কাছে বিক্রির জন্য উন্মুক্ত থাকবে।

উত্তর আমেরিকার প্রধান ক্রীড়া লিগ যেমন এনএফএল, এনবিএ, মেজর লিগ বেসবল এবং এনএইচএল-এ চ্যাম্পিয়নশিপ রিং প্রদানের দীর্ঘদিনের প্রচলন থাকলেও ফিফার কোনো টুর্নামেন্টে এমন আয়োজন এই প্রথম। এই নতুনত্বের পাশাপাশি এবারের টুর্নামেন্টে আরও কিছু মার্কিন ঘরানার পরিবর্তনের ছাপ স্পষ্ট। সুপার বোলের আদলে ফাইনাল ম্যাচে যোগ করা হয়েছে বড় ধরনের হাফটাইম বিনোদন শো। এছাড়া টুর্নামেন্ট জুড়ে বাধ্যতামূলক হাইড্রেসন ব্রেকগুলো ফুটবল ম্যাচকে অনেকটা চারটি কোয়ার্টারে বিভক্ত করে ফেলেছে।

ম্যাচের ২২তম এবং ৬৭তম মিনিটে তিন মিনিটের এই বিরতিগুলো নিয়ে খেলোয়াড়, কোচ এবং ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফিফা একে খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তার অংশ হিসেবে দাবি করলেও, সমালোচকদের মতে এই বিরতিগুলো ম্যাচের ছন্দ নষ্ট করছে এবং কোচদের কৌশলগত বাড়তি সময় ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। যদিও ফিফা বরাবরই অস্বীকার করে আসছে যে এই বিরতিগুলো বাণিজ্যিক বিজ্ঞাপনের উদ্দেশ্যে আনা হয়েছে, তবে মাঠের বাইরে দর্শকদের মধ্যে এই পরিবর্তনগুলো নিয়ে বিতর্ক থামছে না।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%