জনগণের ওপর শুল্কের বোঝা চাপিয়ে সরকার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে হাফিজ নাঈম উর রেহমান

পাকিস্তানর মুলতানে বুধবার আয়োজিত এক জনসভায় জামায়াতে ইসলামির আমির হাফিজ নাঈম-উর-রেহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকার বিদ্যুৎ বিল ও পেট্রোলিয়াম লেভি ক্রমাগত বাড়িয়ে সাধারণ মানুষের কাঁধে ঋণের পাহাড় চাপিয়ে দিচ্ছে। তিনি অভিযোগ করেন, পেট্রোলিয়াম লেভির নামে জনগণের পকেট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অথচ রাষ্ট্র তার মৌলিক দায়বদ্ধতা পালনে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।
নাঈম-উর-রেহমান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় ধনী ও দরিদ্রের মধ্যে এক ভয়াবহ বৈষম্য তৈরি করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে, মানসম্মত শিক্ষা কোনো দান-দক্ষিণা নয়, বরং এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, পাঞ্জাবের ১১ হাজার সরকারি বিদ্যালয় ইতিমধ্যে ব্যক্তি মালিকানাধীন বা আউটসোর্সিংয়ের আওতায় আনা হয়েছে এবং আরও বিদ্যালয়কে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার তোড়জোড় চলছে।
জামায়াত নেতা আরও বলেন, রাষ্ট্রীয় বাজেটের একটি বড় অংশ ঋণের সুদ পরিশোধেই ব্যয় হয়ে যায়, যার ফলে শিক্ষা ও স্বাস্থ্যখাতের মতো জনগুরুত্বপূর্ণ সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। একদিকে সাধারণ মানুষ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকে কয়েক বিলিয়ন রুপির বিমান ক্রয়ের পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পাকিস্তানর রাজনীতিতে পরিবারতন্ত্র ও একচ্ছত্র আধিপত্যের কুফল স্পষ্ট হয়ে উঠেছে। কাশ্মীর পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সেখানে যখন মানুষের রক্ত ঝরছে, তখন দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের সংকীর্ণ স্বার্থ উদ্ধারে ব্যস্ত। সরকারের এমন জনবিরোধী ও বৈষম্যমূলক নীতির প্রতিবাদে তিনি দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
