গোসাইরহাটে হত্যা-চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাটে অভিযান চালিয়ে হত্যা, চাঁদাবাজি ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলার আসামি শহিদুল ইসলাম (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে গোসাইরহাট থানাধীন নাগেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার শহিদুল ইসলাম মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিরচর গ্রামের চুন্নু বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম দুর্ধর্ষ প্রকৃতির একজন আসামি। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশের দাবি, তিনি বিস্ফোরক ককটেল তৈরির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার, গোসাইরহাট সার্কেল, শরীয়তপুরের নেতৃত্বে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একটি চৌকস দল নাগেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শহিদুল ইসলামের বিরুদ্ধে গোসাইরহাট থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলা, অনধিকার প্রবেশ, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।