মিনেসোটায় ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতি হত্যায় ঘাতকের যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের স্পিকার মেলিসা হর্টম্যান ও তাঁর স্বামী মার্ক হর্টম্যানকে নৃশংসভাবে হত্যার দায়ে ভ্যান্স বোল্টার নামের এক ব্যক্তিকে দুই দফা যাবজ্জীবন কারাদণ্ডসহ অতিরিক্ত ৪০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রাজনৈতিক সহিংসতার ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ঘটা এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার সময় বিচারক জন আর. টুনহেইম বলেন, তাঁর দীর্ঘ কর্মজীবনের হাজার হাজার রায়ের মধ্যে এটিই সবচেয়ে কঠোর সাজা এবং এই অপরাধের জন্য এমন শাস্তিই প্রত্যাশিত।
গত বছরের জুন মাসে সংঘটিত এই হামলায় স্পিকার দম্পতি নিহত হওয়ার পাশাপাশি অঙ্গরাজ্যের সিনেটর জন হফম্যান এবং তাঁর স্ত্রী ইভেট হফম্যান গুরুতর আহত হন। দোষী সাব্যস্ত ৫৯ বছর বয়সী বোল্টার আদালতে স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘ কয়েক মাস ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক কষেছিলেন এবং লক্ষ্যবস্তু নির্ধারণ করেছিলেন। পুলিশের ছদ্মবেশে ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে তিনি এই পরিকল্পিত হামলা চালান, যার ফলে মিনেসোটার ইতিহাসে বৃহত্তম পুলিশি তল্লাশি অভিযান পরিচালিত হয়।
আদালতে দেওয়া সাক্ষ্যে সিনেটর জন হফম্যান আবেগজড়িত কণ্ঠে জানান, হামলাকারী সরাসরি তাঁদের চোখে চোখ রেখে গুলি চালিয়েছে এবং সেই ভয়াবহ ঘটনার স্মৃতি আজও তাঁদের শরীরে ও মনে দগদগে ক্ষতের মতো বয়ে বেড়াচ্ছেন। মামলার শুনানিতে ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধি ক্রিস্টিন বাহনার জানান, তিনি সেই সময় ছুটিতে থাকায় রক্ষা পেলেও, সহকর্মীর অকাল মৃত্যুতে তিনি গভীর শোকাহত।
আসামিপক্ষের আইনজীবী ম্যানি আতওয়াল দাবি করেন যে, বোল্টার দোষ স্বীকার করে অনুশোচনার পরিচয় দিয়েছেন। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের আক্ষেপ, সরকারি কৌঁসুলিরা মৃত্যুদণ্ড না চাওয়ার শর্তে দোষ স্বীকারোক্তির যে সমঝোতা করেছেন, তাতে তারা সন্তুষ্ট নন। রায় ঘোষণার সময় অভিযুক্ত বোল্টার উপস্থিত ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করলেও বিচারক তাঁর অপরাধের ভয়াবহতাকে গুরুত্ব দিয়ে এই কঠোর দণ্ডাদেশ বহাল রেখেছেন।
তথ্যসূত্র: আল জাজিরা