মধ্যপ্রাচ্যে অস্থিরতা ঘিরে অনিশ্চয়তায় ফর্মুলা ওয়ান মৌসুমের শেষভাগ নিয়ে সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষিতে ফর্মুলা ওয়ান মৌসুমের শেষভাগের সূচি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কাতার ও আবুধাবির গ্রাঁ প্রি আয়োজন করা সম্ভব না হলে ইউরোপের মাটিতেই মৌসুম শেষ করার পরিকল্পনা করছে ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ। লিবার্টি মিডিয়ার প্রধান নির্বাহী স্তেফানো দোমেনিচালি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দোমেনিচালি আশ্বস্ত করেছেন যে বর্তমান সূচি অনুযায়ী কাতার এবং আবুধাবিতে রেস হওয়ার বিষয়টি নিশ্চিত রয়েছে এবং ইতোমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে নিরাপত্তার স্বার্থে কোনো ঝুঁকি না নিয়ে বিকল্প হিসেবে ইউরোপের বিভিন্ন সার্কিটকে প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে ইতালির ইমোলা সার্কিটকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। উল্লেখ্য, এই ইমোলা সার্কিট থেকেই উঠে এসেছেন মার্সিডিজের তরুণ তুর্কি কিমি আন্তোনেলি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার কারণে এর আগে সৌদি আরব ও বাহরাইনের রেস বাতিল করা হয়েছিল। সেই জায়গাগুলো পূরণ করতে মালয়েশিয়ার সেপাং সার্কিটের ওপর দায়িত্ব বর্তেছে। একই কারণে এফআইএ স্বীকৃত ওয়ার্ল্ড এনডুরেন্স চ্যাম্পিয়নশিপ তাদের শেষ দুটি রাউন্ড কাতার ও বাহরাইন থেকে সরিয়ে বার্সেলোনার সার্কিট দে কাতালুনিয়া এবং ইতালির মোনজাতে স্থানান্তরিত করেছে।

তবে আগামী মৌসুমের পরিকল্পনা নিয়ে অত্যন্ত আশাবাদী ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ। ২০২৭ সালের ক্যালেন্ডার এখনো চূড়ান্ত না হলেও পরবর্তী বছরেও ২৪টি গ্রাঁ প্রি আয়োজনের লক্ষ্য অটুট রয়েছে। এছাড়া পর্তুগাল ও তুরস্ক আগামী বছর ক্যালেন্ডারে ফিরবে বলেও নিশ্চিত করেছেন দোমেনিচালি। সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার নতুন দেশগুলোর সাথেও ইতিবাচক আলোচনা চলছে।

বিজ্ঞাপন

চীনের বাজারের গুরুত্ব অনুধাবন করে সেখানে আপাতত একটি রেস আয়োজনেই সীমাবদ্ধ থাকার কথা জানিয়েছেন দোমেনিচালি। মূলত পুরো ক্যালেন্ডার সুসংহত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহসাই স্বাভাবিক না হলে বিকল্প সব পথ খোলা রেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানিয়েছেন ফর্মুলা ওয়ান প্রধান।

0%
0%
0%
0%