ডামুড্যায় অতিরিক্ত দামে ফল-বিক্রেতাদের জরিমানা, বাজারে সাময়িক দাম কমেছে

শরীয়তপুরের ডামুড্যা উপজেলাতে অতিরিক্ত দামে ফল ও লেবু বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী।
শণিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ডামুড্যা ফল পট্টিতে অভিযান চালানো হয়। বাজার তদারকির সময় দেখা যায়, ফল ও লেবুর দাম সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় বেশি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই ব্যবসায়ীদের জরিমানা করা হয়।
নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, “বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত মূল্য আদায় বা অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ক্রেতারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। অভিযানের খবর ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে ফল ও লেবুর দাম কমিয়ে আনে। তবে পরে জানা গেছে, কিছু সময় পরই পুনরায় দাম বৃদ্ধি পেয়েছে।
বাজার পর্যবেক্ষকরা বলছেন, প্রশাসনের তৎপরতা অল্প সময়ের জন্য বাজারে দাম নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও, দীর্ঘমেয়াদে নিয়মিত নজরদারি এবং ব্যবসায়ীদের সচেতনতা ছাড়া স্থায়ী প্রভাব রাখা সম্ভব নয়।