২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত, নবনির্বাচিত জেলা কমিটিকে ঘিরে রাঙ্গামাটিতে ছাত্রদলের সমাবেশ

রাঙ্গামাটিতে নবনির্বাচিত জেলা ছাত্রদল কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মিছিল ও সংবর্ধনা সমাবেশ করেছে জেলা ছাত্রদল। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের নেতারা।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে শহরের নিউ মার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালতলীতে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা ছাত্রদল সভাপতি মো. অলি আহাদ এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈম হোসেন রনি।
এ সময় রাঙ্গামাটির ১০টি উপজেলা থেকে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিল ও সমাবেশস্থল।
বক্তারা নবনির্বাচিত জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে এর বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা ছাত্রসমাজের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বাজেট বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।