করাচির বঞ্চনার প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা এমকিউএম-পি নেতার

করাচির নাগরিকদের ওপর চলমান অবিচার ও বঞ্চনার প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান। করাচিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতা ও ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামাল সিন্ধু প্রাদেশিক সরকারের চরম উদাসীনতার তীব্র সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন যে, জনগণের অধিকার আদায়ে দলটি এখন থেকে সব ধরনের সাংবিধানিক ও আইনি পথ অবলম্বন করবে।

বিজ্ঞাপন

মুস্তফা কামাল অভিযোগ করেন, সংসদে বহুবার করাচির সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি সাংবিধানিক সংশোধনী প্রস্তাব করা হলেও সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তাই নীরবতা ভেঙে এখন করাচির সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তার দল। তিনি প্রশাসনিক প্রয়োজনে নতুন প্রদেশ গঠনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, সিন্ধু প্রদেশে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে জেলা পর্যায়ে পৌঁছাচ্ছে না।

ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, করাচি পাকিস্তানের অর্থনৈতিক মেরুদণ্ড হওয়া সত্ত্বেও প্রাদেশিক সরকারের বাধার কারণে শহরটি তার প্রকৃত সম্ভাবনা বিকশিত করতে পারছে না। তিনি প্রশ্ন তোলেন, দেশের বৃহত্তম এই বাণিজ্যিক কেন্দ্রটি কেন উন্নয়নের মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। তার মতে, অর্থনৈতিক সংকটের উত্তরণে করাচিকে অগ্রণী ভূমিকা পালনের সুযোগ দেওয়া উচিত ছিল।

লাহোরের উন্নয়নকে স্বাগত জানালেও মুস্তফা কামাল ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নয়নের ক্ষেত্রে করাচিকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। তিনি মৌলিক নাগরিক সেবা প্রদানে সিন্ধু সরকারের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে জানান, বন্দরনগরী করাচিতে সুপেয় পানির তীব্র সংকট, ভেঙে পড়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব প্রকট আকার ধারণ করেছে। এমনকি অনেক বালিকা বিদ্যালয়ে শৌচাগারের মতো প্রাথমিক সুবিধাও নেই বলে তিনি অভিযোগ করেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%