শিক্ষার্থীদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন, শিক্ষামন্ত্রীকে হাসনাত আবদুল্লাহ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মঙ্গলবার বিকেলে দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভায় অংশ নিয়ে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীসহ বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই জনসভায় তিনি বলেন, শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে তাদের নিয়ে আর কোনো পরীক্ষা-নিরীক্ষা চলতে দেওয়া হবে না। ২০২৬ সালের পরীক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণ না করলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারের অস্তিত্ব সংকটে পড়বে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীর তীব্র সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, হাটু সমান পানিতে শিক্ষার্থীদের ডুবিয়ে পরীক্ষা দিতে বাধ্য করা এবং ভুল প্রশ্নপত্র ছাপানোর মতো ঘটনায় দুঃখ প্রকাশ না করে শিক্ষার্থীদের মাদকাসক্ত হিসেবে অভিহিত করা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে যারা ক্ষমতায় বসে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলছেন, তাদের আন্দোলনের কারণেই আজ অনেকে মন্ত্রী ও প্রধানমন্ত্রী হয়েছেন। অথচ নিজেদের সন্তানরা বিদেশে পড়াশোনা করলেও দেশের সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছেন।

নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতি ও চাঁদাবাজির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সোনারগাঁয়ে শিল্পপ্রতিষ্ঠানগুলোতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। নদী ও খাল দখলের পাশাপাশি সাধারণ ব্যবসায়ী, হকার ও রিকশাচালকদের উপার্জিত অর্থের বড় একটি অংশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের চাঁদা হিসেবে দিতে হচ্ছে। এই চাঁদাবাজির সংস্কৃতি বাংলাদেশ আর সহ্য করবে না বলে তিনি স্পষ্ট বার্তা দেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, কেবল ব্যক্তির পরিবর্তন নয়, হাসিনা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিল দেশের মানুষ। অথচ বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী অবস্থান নিয়েছে। পার্বত্য চট্টগ্রামের বন্যা পরিস্থিতিতে মানুষের কষ্টের সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের উদাসীনতা এবং রাজস্ব আয়ের তুলনায় চট্টগ্রামের জন্য বরাদ্দ বৈষম্যের কঠোর নিন্দা জানান তিনি।

বিজ্ঞাপন

বক্তব্যের শেষ পর্যায়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র-জনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, তাদের পায়ের নিচে মাটি নেই। এই জনসভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদ। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় তুহিন মাহমুদকে আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

0%
0%
0%
0%