যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের কোনো যৌক্তিক ভিত্তি নেই দাবি বাণিজ্যমন্ত্রীর

জোরপূর্বক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে দুটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী দাবি করেন, নতুন করে শুল্ক আরোপ করা হলেও দেশের সামগ্রিক বাণিজ্য পরিস্থিতিতে কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না। তিনি ব্যাখ্যা করেন যে, যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী পূর্ববর্তী শুল্ক নীতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার ফলে একই মাত্রার শুল্ক নতুন নামে পুনরায় বহাল রাখা হয়েছে মাত্র।

দেশে তীব্র খাদ্য সংকট ও সার নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ইউরিয়াসহ সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই এ বিষয়ে কোনো প্রকার বিভ্রান্তি বা উদ্বিগ্ন হওয়ার অবকাশ নেই বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

এর আগে মন্ত্রী বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সমাবর্তন অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান দুটির পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, জেলা পরিষদের প্রশাসক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%