উজিরপুরে নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর, আদালতের নির্দেশে তিন আসামি কারাগারে

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের নির্মাণাধীন ভবনে হামলা, ভাঙচুর ও নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনায় তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দীর্ঘ সময় প্রতিকার না পাওয়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও আদালতের হস্তক্ষেপে অবশেষে ন্যায়বিচারের পথে এগোচ্ছে ভুক্তভোগী পরিবারটি।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোক্তার আলী হাওলাদারের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতিকালে গত ২৬ ও ২৭ মে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খুলে নিয়ে যায়। তারা হাতুড়ি দিয়ে ভবনের একাধিক পিলার ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য জোসনা বেগম জানান, পারিবারিক অসুস্থতার কারণে ভবনের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ ছিল। কাজ পুনরায় শুরু করা হলে বজলুল হাওলাদার ও কাজল রেখাসহ কয়েকজন ব্যক্তি নির্মাণকাজে বাধা দেয়। প্রভাবশালী আত্মীয়ের প্রভাবে স্থানীয় থানায় অভিযোগ দিয়েও দীর্ঘ সময় কোনো সুরাহা পাননি তারা।
অবশেষে আদালতের নির্দেশে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে গত ১৮ জুন অভিযুক্ত সেলিম হাওলাদার, আলিম হাওলাদার ও রমজান বরিশালের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত বিরোধের জেরে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত উল্লেখ করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।