ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বলয়ে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারমুখী অবস্থানের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনটির শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সকালে শেরেবাংলা নগরে অবস্থিত তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী যখন ওই এলাকা ত্যাগ করছিলেন, ঠিক সেই মুহূর্তে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূঁইয়া। একপর্যায়ে তাঁর মারমুখী আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা ও গতিশীলতা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। অব্যাহতির পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই সাংগঠনিক নির্দেশনার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।