সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাৱার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু এবং বিএনপি নেতা মো. ছরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক মোল্যা ও ছরোয়ার হোসেন একই পক্ষের হওয়ায় এই বিরোধে নতুন মাত্রা যোগ হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল চারটার দিকে ছরোয়ার হোসেনের সমর্থক মো. টুকু মাতুব্বর সোনাপুর বাজারে গেলে লাভলুর সমর্থকদের সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে জড়ো হন এবং উত্তেজনা বাড়তে থাকলে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত কুড়ি জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় কোনো সংঘাত এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

০%
০%
০%
০%