ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্পর্কে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয় থেকে এই কর্মসূচি পালিত হয়।
বিকাল ছয়টায় আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন।
বিক্ষোভ মিছিলটি আলফাডাঙ্গা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার চৌরাস্তায় এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খরসু, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাচিবুল হাসান হাচিবসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।