গোসাইরহাটে ইসলামী আন্দোলনের প্রার্থী হানিফ মিয়ার গণমিছিল

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হানিফ মিয়ার পক্ষে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সামন্তসার ইউনিয়নের ৮৩ নম্বর উত্তর সামন্তসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাগরিবের নামাজের পর এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আসন্ন নির্বাচনের গুরুত্ব, নৈতিক রাজনীতি ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন। পরে বৈঠক শেষে হানিফ মিয়ার সমর্থনে গণমিছিল বের করা হয়।

গণমিছিলটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাংলাবাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্লোগান দেন এবং হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। মিছিল চলাকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গণমিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা হাতপাখা প্রতীকে ভোট দেবেন।

আয়োজকরা জানান, ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা বিপুলভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হানিফ মিয়াকে বিজয়ী করবেন।

০%
০%
০%
০%