হাবিপ্রবি শিক্ষকের কাছে সর্বহারা নেতা পরিচয়ে চাঁদা দাবি ও হত্যার হুমকি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষকের কাছে নিজেকে সর্বহারা পার্টির নেতা পরিচয়ে চাঁদা দাবি এবং স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই শিক্ষক ও তার পরিবার।

ভুক্তভোগী শিক্ষক ড. মো. আবু সাঈদ হাবিপ্রবির কৃষি অনুষদের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে একটি মুঠোফোন নম্বর থেকে কল করে পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান শিকদার মহিউদ্দিন পরিচয় দিয়ে ভুক্তভোগী শিক্ষকের কাছে প্রথমে ২৫ হাজার এবং পরবর্তীতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে শিক্ষককে স্ত্রী-সন্তানসহ হত্যা ও গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় হুমকিদাতা শিকদার মহিউদ্দিন দাবি করেন যে তার কয়েকজন ছেলে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন আছেন এবং তাদের অপারেশনের জন্যই এই টাকা প্রয়োজন।

অধ্যাপক আবু সাঈদ টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকিদাতা তার বাড়িতে ২০ থেকে ২৫ জন ক্যাডার পাঠিয়ে স্ত্রী-সন্তানকে তুলে এনে টুকরো টুকরো করে ফেলার ভয় দেখান। এ বিষয়ে ভুক্তভোগী অধ্যাপক জানান, বুধবার দুপুরে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে তাকে অশালীন ভাষায় গালাগাল করা হয় এবং সর্বহারা সংগঠনের সদস্য বলে পরিচয় দেওয়া হয়। একপর্যায়ে চাঁদা দাবি করে অস্বীকৃতি জানালে তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী জানান, থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০%
০%
০%
০%