হরিরামপুরে লাউ হাঁস মুরগি আর চোখের জলে ওসি আফজালকে বিদায় সংবর্ধনা

মানিকগঞ্জের হরিরামপুর থানায় এক ব্যতিক্রমী ও আবেগঘন বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন বিদায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মুহাম্মদ আফজাল হোসেন। বুধবার বেলা ১২টার দিকে হরিরামপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে আশপাশের কয়েক গ্রামের শত শত মানুষ ছুটে আসেন। কেউ নিয়ে আসেন বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ জীবন্ত হাঁস-মুরগি; যা এক অভূতপূর্ব দৃশ্যের জন্ম দেয়।

হরিরামপুর থানা সূত্রে জানা যায়, বদলির আদেশ পাওয়ার পর হরিরামপুর থানা প্রাঙ্গণে বিদায়ী ওসি আফজাল হোসেনকে বিদায় এবং নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকে বরণ করে নিতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ৮ ডিসেম্বর হরিরামপুর থানায় যোগদানের পর নয় মাসের বেশি সময় দায়িত্ব পালনকালে এলাকায় মাদক, ইভটিজিং ও মামলা জটিলতা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওসি আফজাল হোসেন। সকালে নিয়মিত হাঁটতে বের হওয়ার সময় তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখতেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন।

অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষ তাদের প্রিয় পুলিশ কর্মকর্তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন, কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনকালের নানা স্মৃতিচারণ করেন। এ সময় পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগপ্রবণ পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা হোসেন আলী জানান, কয়েক মাস আগে তিনি একটি বড় সমস্যায় পড়লে বিদায়ী ওসি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার সমাধান করে দিয়েছিলেন। আরেক স্থানীয় বাসিন্দা আবেদ হাসান জানান, হরিরামপুরের অন্যতম একজন ভালো ওসি ছিলেন তিনি। অন্যদিকে, পদ্মাপাড়ের চর এলাকা থেকে দুটি দেশি মুরগি নিয়ে অনুষ্ঠানে আসা সালেহা বেগম বলেন, চরাঞ্চলে ডাকাতি ও চুরি নিয়ন্ত্রণে তার ভূমিকা মানুষ কখনো ভুলবে না, তাই তিনি ট্রলারে নদী পার হয়ে এই বিদায় অনুষ্ঠানে এসেছেন।

স্থানীয় সাধারণ মানুষের এমন ভালোবাসা ও উপহারে গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী ওসি মুহাম্মদ আফজাল হোসেন। তিনি বলেন, হরিরামপুরবাসীর এমন অভূতপূর্ব আয়োজনে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন। চাকরিজীবনীতে বদলি নিয়মিত প্রক্রিয়া হলেও হরিরামপুরে দায়িত্ব পালনের সময় স্থানীয় মানুষের কাছ থেকে যে আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা তিনি পেয়েছেন, বিদায়বেলায় পাওয়া এই সম্মান তিনি সারাজীবন মনে রাখবেন।

০%
০%
০%
০%