বরিশাল আকাশপথে নিয়মিত ফ্লাইট বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রীর কাছে স্মারকলিপি

বরিশালে নিয়মিত বিমান ফ্লাইট চালুর জোর দাবি জানিয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে বিমান ও পর্যটনমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনায় এটি দ্রুতই মন্ত্রীর কাছে পাঠানো হবে। এ সময় বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান এবং সহসভাপতি সাংবাদিক নাছিম উল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৭৯ সালে বরিশাল বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং ১৯৯৯ সালে এর নির্মাণকাজ শুরু হয়। পরবর্তীতে বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমানের আনুষ্ঠানিক ফ্লাইট চালু হয়েছিল। সংগঠনটির দাবি অনুযায়ী, ২০২১ সালের ২৬ মার্চ থেকে নতুন উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হলেও পরবর্তীতে ফ্লাইট সংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকে, যার ফলে বরিশালসহ আশপাশের এলাকার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে ঢাকা-বরিশাল-ঢাকা আকাশপথে প্রতি সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও রোববার মাত্র তিনটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইট সংখ্যা আরও কমিয়ে দুটিতে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাকে দুঃখজনক উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি বরিশাল সেক্টরে সপ্তাহে সাত দিনই নিয়মিত ফ্লাইট পরিচালনার জোরালো দাবি জানানো হয়।

কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট পুনরায় চালু করা হলে দেশের তিনটি বিভাগীয় অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য গতি আসবে। বিশেষ করে বরিশালকে চট্টগ্রাম ও যশোরের সঙ্গে সরাসরি আকাশপথে যুক্ত করা সম্ভব হলে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের মূল্যবান সময় ও অর্থ সাশ্রয় হবে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন জানান, এই অঞ্চলে নিয়মিত বিমান যোগাযোগব্যবস্থা পুরোপুরি চালু হলে বিভাগের সাধারণ মানুষের যাতায়াত প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতও সমানভাবে উপকৃত হবে।

০%
০%
০%
০%