গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর গ্রামে রাতের আধারে বিষাক্ত স্প্রে প্রয়োগ করে দেড় বিঘা জমির ধানগাছ পুড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিক ও কৃষক আনিছুর রহমান স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের কৃষক আনিছুর রহমানের জমির ধানগাছগুলো হঠাৎ শুকিয়ে হলুদ বর্ণ ধারণ করলে স্থানীয়দের নজরে আসে। পরে তারা জমিতে গিয়ে দেখতে পান যে, ক্ষতিকর রাসায়নিক বা বিষাক্ত স্প্রে করার ফলে সম্পূর্ণ ধানক্ষেত পুড়ে গেছে। খবর পেয়ে সাঘাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. নার্গিস আক্তার লাকি ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী কৃষক আনিছুর রহমান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলামের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর আগেও জমি লাগানোর পরের দিন ধানগাছ উপড়ে ফেলা হয়েছিল। প্রতিপক্ষ তাকে হত্যার হুমকি এবং জমির ফসল নষ্ট করার ভয় দেখিয়ে আসছিল বলে জানান তিনি। এই বিষয়ে গত ১২ সেপ্টেম্বর তিনি পুলিশ সুপার বরাবরও লিখিত অভিযোগ দিয়েছিলেন।
সাঘাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. নার্গিস আক্তার লাকি জানান, এর আগেও জমিটির ধান ভালো দেখেছেন তিনি। ঘটনার খবর পাওয়ার পর আজ তিনি জমি দুটি পরিদর্শন করেছেন এবং ফসলের ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন দফতরে অবগত করবেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় এলাকাবাসী।