কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওয়াপদা সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, চরম দুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী ওয়াপদা সড়কের মাঝখানে দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি দাঁড়িয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এর মধ্যে দুটি খুঁটি সড়কের একদম মাঝবরাবর থাকায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা। জনবহুল এই গুরুত্বপূর্ণ সড়কে দ্রুত খুঁটিগুলো অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতায় খোঁচাবাড়ী ওয়াপদা বাঁধের এই সড়কে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে পূর্বে খুঁটিগুলো স্থাপন করা হয়েছিল। সে সময় খুঁটিগুলো সড়কের পাশেই ছিল। তবে পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ওয়াপদা বাঁধটি পুনঃসংস্কারের কাজ শুরু করলে এবং বাঁধের প্রস্থ বৃদ্ধি পেলে বিদ্যুতের খুঁটিগুলো সড়কের ঠিক মাঝখানে চলে আসে। অথচ সংস্কার কাজের সময় খুঁটিগুলো অন্যত্র সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় ভুক্তভোগী আব্দুল জলিল জানান, সড়কের মাঝখানে এই খুঁটিগুলোর কারণে যেকোনো সময় বড় ধরনের মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থী সাগর বলেন, খুঁটিগুলো মাঝখানে থাকায় আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয় এবং যাতায়াতেও তীব্র সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত খুঁটিগুলো সরিয়ে ওয়াপদা বাঁধের পাশে পুনর্বহাল করার দাবি জানান তিনি।

এ বিষয়ে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান জানান, খুঁটিগুলো অনেক আগেই স্থাপন করা হয়েছিল এবং তখন সেগুলো সড়কের পাশেই ছিল। পরবর্তীতে সড়ক প্রশস্ত হওয়ার কারণে এখন তা মাঝখানে পড়ে গেছে।

অন্যদিকে, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকীবুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে তিনি বর্তমানে রৌমারীতে দাপ্তরিক কাজে ব্যস্ত রয়েছেন। তবে এলাকার লোকেশনসহ বিস্তারিত তথ্য তার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

স্থানীয়রা এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা পেতে এবং বড় ধরনের কোনো প্রাণহানি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও অবিলম্বে সড়কের মাঝখান থেকে এই বিদ্যুৎ খুঁটিগুলো অপসারণের জোরালো দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%