ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সাংবাদিকদের ফোনকল রিসিভ না করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এক সংবাদকর্মীর সঙ্গে তাঁর কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় ওসি মেহেদী হাসান বলেন, আপনারা তাঁর অনুমতি ছাড়া মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করে সামাজিক মাধ্যম ফেসবুকে দিয়েছেন, যা ঠিক হয়নি। এ কারণেই তিনি সাংবাদিকদের ফোনকল না ধরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন, তিনি নিজের মতো করে ব্যবস্থা নেবেন এবং এ বিষয়ে সাংবাদিকদের সম্মিলিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ওসির এমন ঘোষণায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিক নেতারা বলছেন, বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের প্রয়োজনে পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিয়মিত যোগাযোগ রাখতে হয়। ফলে একজন দায়িত্বশীল কর্মকর্তার পক্ষ থেকে সাংবাদিকদের ফোনকল গ্রহণ না করার এমন ঘোষণা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।
প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি কাজী মৃদুল বলেন, একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন ঘোষণা কোনোভাবেই প্রত্যাশিত নয়। সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রায়ই থানার ওসির সহযোগিতার প্রয়োজন হয়। তিনি ওসির এই বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিকদের সঙ্গে পেশাদারসুলভ সহযোগিতা বজায় রাখবেন বলে আশা প্রকাশ করেন। এছাড়া কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশারও ওসির এ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। এছাড়া সভায় বিভিন্ন দপ্তরের প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।