নাটোরের গুরুদাসপুর উপজেলায় দক্ষিণ চলনবিল অধ্যুষিত চেচুয়া নদীতে ভাদ্রের তপ্ত রোদ উপেক্ষা করে দুই দিনব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই আয়োজনকে কেন্দ্র করে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী খাঁকড়াদহ, শরীফপুর, কচুগাড়ী ও ভিটা কাজিপুর এলাকার বাড়ি বাড়ি আত্মীয়স্বজনের আগমন ঘটে এবং নদীর দুইপাড়ে লক্ষাধিক উৎসুক দর্শকের সমাগম ঘটে।
বুধবার বিকেল তিনটায় উপজেলার খাঁকড়াদহ পূর্বপাড়া যুবসমাজের উদ্যোগে বাইচের ফাইনাল পর্ব শুরু হয়। সুসজ্জিত নৌকায় ঢাক-ঢোলের তালে ভাটিয়ালী গান, মাঝিদের কণ্ঠে হেইয়ারে হেইয়াহো স্লোগান, পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর হাজারো দর্শকের করতালিতে চারপাশ উৎসবমুখর হয়ে ওঠে। বাইচে সোনার মদিনা এক্সপ্রেস, কান্দিপাড়া সোনার তরী, একতা এক্সপ্রেস, রিয়াদ এন্টার প্রাইজ ও মোল্লাপাড়া এক্সপ্রেসসহ মোট চৌদ্দটি নৌকা অংশ নেয়। সাতটি গ্রুপে বিভক্ত হয়ে নৌকাগুলোর মধ্যে এই তুমুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কচুগাড়ী একতা এক্সপ্রেস প্রথম, কচুগাড়ী রিয়াদ এক্সপ্রেস দ্বিতীয় এবং সোনার মদীনা এক্সপ্রেস তৃতীয় স্থান অর্জন করে। মূল প্রতিযোগিতার সবশেষে পানশী নৌকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে আয়োজক বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রথম স্থান অধিকারীকে একটি বড় ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারীকে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এবং তৃতীয় স্থান অধিকারীকে চব্বিশ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাইচে অংশ নেওয়া অন্যান্য নৌকার মালিকদেরও সৌজন্য পুরস্কার দেওয়া হয়।