নিকলীর চইল্যাতি হাওরে দশ বছর পর গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দীর্ঘ ১০ বছর পর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় নিকলী উপজেলা সদরের চইল্যাতি হাওরে নিকলী নাগরিক কমিটির উদ্যোগে এই জমজমাট প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর এমন একটি ঐতিহ্যবাহী আয়োজন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

প্রতিযোগিতাটি উপভোগ করতে নিকলীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নারী-পুরুষ দর্শনার্থী হাওরপাড়ে ভিড় করেন। নৌকা বাইচ উপলক্ষে পুরো উপজেলার বিভিন্ন এলাকায় এক উৎসবের আমেজ বিরাজ করে। সুসজ্জিত ১২টি নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বাদ্যযন্ত্রের তালে জারি-সারি ও লোকগীতির সুরে মাঝি-মাল্লারা সজোরে বৈঠা চালিয়ে সামনের দিকে ছুটে চলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। এ সময় আরও উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ মিয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বড় নৌকার প্রতিযোগিতায় নিকলী সদর ইউনিয়নের ইসরাফিল মাঝির নৌকা প্রথম হয়ে একটি ফ্রিজ এবং ইটখলা সর্দার গ্রুপের মজিবুল্লা মিয়ার নৌকা দ্বিতীয় স্থান অর্জন করে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতে নেয়। ছোট নৌকার প্রতিযোগিতায় করগাঁও ইউনিয়নের পাচলীপাড়ার নৌকা প্রথম স্থান অধিকার করে ২৪ ইঞ্চি এলইডি টিভি এবং নিকলী সদরের গোবিন্দপুরের মোবারক মিয়ার নৌকা দ্বিতীয় হয়ে একটি স্মার্টফোন পুরস্কার লাভ করে।

০%
০%
০%
০%