দেবিদ্বারে গোমতী নদীর ভাঙনঝুঁকিতে পাঁচ হাজার মানুষ স্থায়ী সমাধানের আশ্বাস প্রশাসনের

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম রঘুরামপুর গোমতী নদীর ভাঙন ও বন্যার তীব্র ঝুঁকিতে রয়েছে। নদীর ভাঙনের কবলে পড়ে এই গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের জনজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

গত কয়েক বছর ধরে অব্যাহত নদীভাঙনে একের পর এক ফসলি জমি এবং চলাচলের রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় ভাঙন বসতভিটার একেবারে কাছাকাছি চলে এসেছে, ফলে স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত ঘর হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা অজুফা বেগম জানান, যেভাবে নদী বাড়ির দিকে এগিয়ে আসছে তাতে যেকোনো সময় বসতভিটা হারানোর আশঙ্কা রয়েছে। পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাস করার জন্য নদীভাঙন রোধ করে মানুষের জীবন ও জীবিকা রক্ষায় তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য সরু মেম্বার উল্লেখ করেন যে, রঘুরামপুরের মানুষ দীর্ঘকাল ধরে নদীভাঙন ও বন্যার সঙ্গে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে গ্রামের প্রধান সড়কটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে এবং স্থায়ী সুরক্ষার জন্য কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রয়োজন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে নদীর লুপ কাটিং, জিও ব্যাগ এবং ব্লক ফেলার মাধ্যমে রঘুরামপুর গ্রামটি নদীভাঙন থেকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

০%
০%
০%
০%