আট লাখ টাকার বেশি মূল্যের ভুট্টা বোঝাই ট্রাক নিয়ে চালক উধাও দর্শনায়

দর্শনায় প্রায় নয় লাখ টাকার ভুট্টাভর্তি একটি ট্রাক নিয়ে গত আট দিন ধরে চালক উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দর্শনা থেকে ভোলায় একটি প্রতিষ্ঠানে ওই ভুট্টা পৌঁছে দেওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা গন্তব্যে পৌঁছায়নি এবং চালকের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

দর্শনা শহরের পুরাতন বাজারে অবস্থিত রেল ইয়ার্ড এলাকার সিএন্ডএফ ব্যবসায়ী ও আমদানি-রফতানিকারক রফিকুল ইসলামের সঙ্গে ৩২ হাজার টাকা ভাড়ায় চুক্তিবদ্ধ হয়ে একটি ট্রাক ভাড়া করেন কাজী ফার্মস লিমিটেডের প্রতিনিধি ইকবাল কবির জাহিদ। গত ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে দর্শনা পৌরসভার করিমপুর এলাকায় নিজস্ব গোডাউন থেকে ৪৯৪ বস্তা ভুট্টা ট্রাকে লোড করা হয়। ২১ হাজার ৬৯০ কেজি ওজনের এই ভুট্টার আনুমানিক বাজার মূল্য আট লাখ ৬৮ হাজার টাকা। ভোলায় কাজী ফার্মস লিমিটেডের খেয়াঘাট ইউনিটে পাঠানোর জন্য এই ভুট্টা লোড করা হয়েছিল।

নিয়ম অনুযায়ী ১২ সেপ্টেম্বর অর্থাৎ দুই দিনের মধ্যে ভুট্টাগুলো গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ভুট্টাগুলো যথাসস্থানে না পৌঁছায় খোঁজ নিতে শুরু করেন প্রতিনিধি ইকবাল কবির জাহিদ। তিনি জানান, সাধারণত সর্বোচ্চ দুই দিন সময় লাগলেও আট দিন পার হয়ে গেলেও ট্রাক ও ভুট্টার কোনো সন্ধান মেলেনি। ট্রাকচালক মহিবুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। সব জায়গায় সন্ধান চালিয়ে ব্যর্থ হয়ে ট্রাকের মালিক রফিকুল ইসলামের কাছে চালক মহিবুল ইসলামের বিষয়ে জানতে চাইলে তার আচরণ সন্দেহজনক মনে হয়।

ঘটনাটি নিয়ে ভুক্তভোগী প্রতিনিধি বৃহস্পতিবার রাতে দর্শনা থানায় ট্রাকমালিক ও চালকের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ভুট্টাভর্তি ট্রাক উধাও হয়ে যাওয়ার ঘটনায় একটি অভিযোগ তাদের হাতে এসেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০%
০%
০%
০%