সুন্দরবনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ আট জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আটজন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সুন্দরবনের কোকিলমনি উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণ গভীর সমুদ্র থেকে এই জেলেদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আটজন জেলেসহ একটি মাছ ধরার ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি এলাকার গভীর সমুদ্রে মাছ শিকারে নামে। কর্মব্যস্ততা ও দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হঠাৎ করেই বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে কোনো ধরনের যোগাযোগমাধ্যম ও ইঞ্জিন ছাড়াই নিয়ন্ত্রণহীনভাবে গভীর সাগরে ভাসতে থাকে বোটটি। টানা কয়েক দিন সাগরে ভেসে থাকার পর জেলেরা চরম খাদ্যসংকট ও আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে পড়েন।

অবশেষে গত ২৪ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে বোটটি আকস্মিকভাবে একটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। তাৎক্ষণিকভাবে বোটের এক জেলে মোবাইল ফোনে বোটের মালিককে পুরো বিষয়টি জানান এবং দ্রুত উদ্ধারের আকুতি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের শরণাপন্ন হন এবং আকস্মিক এই বিপদের কথা জানিয়ে জরুরি সহায়তা কামনা করেন।

ঘটনার গুরুত্ব অনুধাবন করে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনির একটি বিশেষ দল দ্রুত সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারী দলটি প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে গভীর সমুদ্র থেকে বিকল ফিশিং বোটটি চিহ্নিত করে এবং এর ভেতরে থাকা আটজন জেলেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার ও পানীয় সরবরাহ করা হয়েছে। বর্তমানে বোটসহ এই জেলেদের নিরাপদে তাদের মালিকপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

০%
০%
০%
০%