শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ইকবাল ঘরামী (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার তরজুশুরগাঁও এলাকার নিজ ঘরের আড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইকবাল ওই গ্রামের সবদর আলী ঘরামীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইকবালের স্ত্রী রুনা বেগম তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সকালে ইকবালের বড় ভাইয়ের স্ত্রী একটি মোবাইল চার্জার নিতে তাঁর ঘরে গেলে ইকবালকে গলায় সাদা কাপড়ের দড়ি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।