আজাদ কাশ্মীরে ভোট কারচুপির অভিযোগ বিলওয়াল ভুট্টোর, তদন্তের দাবি পিপিপির

মুজাফফরাবাদে অনুষ্ঠিত আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচনের প্রথম ধাপের ফলাফল প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ তুলেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাদের কাছে ৩০টি ভোটকেন্দ্রে জালিয়াতির ভিডিও প্রমাণ রয়েছে এবং জনগণের ম্যান্ডেট চুরি করতে দেওয়া হবে না। তিনি এই ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিলাওয়াল ভুট্টো অভিযোগ করেন যে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতারা ভোটের দিন পেশিশক্তির ব্যবহার করেছেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা সহিংসতা ও অস্ত্রের জোরে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করেছে, তাদের প্রতি কাশ্মীরি জনগণ ঘৃণা পোষণ করে। পিপিপি চেয়ারম্যানের মতে, জম্মু ও কাশ্মীরের ভাগ্য নির্ধারণের পূর্ণ অধিকার কেবল কাশ্মীরিদেরই রয়েছে এবং এ ক্ষেত্রে বাইরের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি ‘সত্য ও পুনর্মিলন কমিশন’ গঠনের আহ্বান জানিয়েছেন বিলাওয়াল। তিনি বলেন, এই কমিশন ঘটনার তদন্ত করে প্রতিবেদন না দেওয়া পর্যন্ত কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করা উচিত নয়। যদি তদন্তে আজাদ কাশ্মীরের পাকিস্তানর প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা বা দায়বদ্ধতা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

নির্বাচনের দ্বিতীয় ধাপের আগেই পিপিপির এসব অভিযোগের সুরাহা করার দাবি জানিয়েছেন তিনি। মুজাফফরাবাদের জনগণের জন্য ইন্টারনেট সেবা পুনর্বহালের আহ্বান জানিয়ে বিলাওয়াল বলেন, যেসব কেন্দ্র দখল করা হয়েছিল, সেখানে ৯৯ শতাংশ ভোট পড়েছে বলে যে দাবি করা হয়েছে, তা অত্যন্ত সন্দেহজনক। সাংবিধানিক ও আইনি উপায়ে পিপিপির হারানো আসন পুনরুদ্ধারে তিনি অবিচল থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%