লাহোরে বসতবাড়ির ছাদ ধসে নারীর মৃত্যু আহত ৮

পাকিস্তানের লাহোর শহরে অতিবৃষ্টির প্রভাবে জরাজীর্ণ একটি বসতবাড়ির ছাদ ধসে পড়ার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। বুধবার ভাট্টা মুহাম্মদ দিন কলোনিতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী সূত্র জানিয়েছে, কয়েক ঘণ্টা ধরে চলা অভিযান শেষে তাদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়।
লাহোর উদ্ধারকারী বাহিনীর তথ্যানুযায়ী, ঘটনার পরপরই ছয়টি জরুরি যান ও ২০ জন উদ্ধারকর্মী দুর্ঘটনাস্থলে পৌঁছান। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বাড়িটির কাঠামো দুর্বল হয়ে পড়ায় ছাদটি ধসে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের অনেকের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এই ঘটনার প্রেক্ষাপটে শহর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। পাকিস্তানর নগর প্রশাসন ইতিমধ্যে লাহোরের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনগুলোর তালিকা প্রস্তুত করেছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিপর্যয় এড়াতে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের হয় ভবনগুলো দ্রুত সংস্কার করতে, নতুবা সেগুলো ভেঙে ফেলার জন্য কঠোর নোটিশ প্রদান করা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
