সরকারি সহায়তার অপেক্ষা না করে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে রংপুরের গ্রামবাসীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামে ধসে যাওয়া সেতুর সংযোগ সড়ক সংস্কারে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে স্বেচ্ছাশ্রমে মাঠে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে গ্রামবাসী নিজেরা চাঁদা তুলে এবং কায়িক শ্রমের বিনিময়ে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করেছেন।
বুধবার সকাল থেকে স্থানীয়রা রড, সিমেন্ট ও বালুর মতো প্রয়োজনীয় নির্মাণসামগ্রী সংগ্রহ করে ধসে পড়া অংশে মাটি ভরাটসহ সংস্কারকাজ শুরু করেন। টানা কয়েক দিনের প্রবল বর্ষণ ও পানির তীব্র স্রোতে রংপুর-দিনাজপুর মহাসড়কসংলগ্ন সড়কটির সংযোগস্থল বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এতে দোয়ালিপাড়াসহ আশপাশের কয়েক গ্রামের বাসিন্দারা যাতায়াত বিড়ম্বনায় পড়েন।
বিকল্প কোনো সড়ক না থাকায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও মুমূর্ষু রোগীসহ হাজারো মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভেঙে পড়া অংশ দিয়ে চলাচল করছিলেন। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে তরুণ থেকে প্রবীণ, সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে সংস্কারকাজে অংশ নিয়েছেন। কেউ অর্থ দিয়ে, আবার কেউ সরাসরি কায়িক শ্রম দিয়ে সেতুটির সংযোগস্থল মজবুত করার কাজ সম্পন্ন করছেন। স্থানীয়দের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
