AdvertisementAdvertisement

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর

তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের বিশিষ্টজনদের সঙ্গেও তার মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। এ ছাড়া সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন তিনি।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সার্জিও গরের এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশের পরিবর্তিত পররাষ্ট্রনীতি, আঞ্চলিক ভূ-রাজনীতি এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের সমীকরণ নিয়ে বিশদ আলোচনা করা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা ও কৌশলগত অবস্থান ওয়াশিংটনের বিশেষ আগ্রহের কেন্দ্রে রয়েছে। বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি মার্কিন প্রশাসনের পর্যবেক্ষণে রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

এ প্রেক্ষাপটে, চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পৃক্ততা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এছাড়া ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সার্জিও গর নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ঢাকার বর্তমান সম্পর্কের অগ্রগতি নিয়েও আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেবেন তিনি।

চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সফরের ধারাবাহিকতায় সার্জিও গরের এই আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এর আগে ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দ্বিপক্ষীয় আলোচনায় সার্জিও গর উপস্থিত ছিলেন। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়ে যে রূপরেখা তৈরি হয়েছিল, এবারের সফরে সেটি আরও সুসংহত হতে পারে।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সার্জিও গর দায়িত্ব গ্রহণের আগে হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই অভিজ্ঞতালব্ধ কূটনীতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত- সার্জিও গর
0%
0%
0%
0%