ফেসবুকে প্রেমের টানে সুদূর চীন থেকে নেত্রকোনায় এসে বিয়ের পিঁড়িতে বিদেশি যুবক

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ওয়্যাং সুলিন নামের এক যুবক। মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমিন আক্তার লিজার সঙ্গে তাঁর এই পরিণয় ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে মো. নুর উদ্দিন রেখেছেন চীনা এই নাগরিক।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ফেসবুকের মাধ্যমে লিজার সঙ্গে চীনের লুবেই প্রদেশের বাসিন্দা ও রেস্তোরাঁ ব্যবসায়ী ওয়্যাং সুলিনের পরিচয় হয়। সময়ের ব্যবধানে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেমের টানে সাড়া দিয়ে গত ১৮ জুলাই সুলিন বাংলাদেশে পৌঁছালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কনের পরিবারের সদস্যরা।
গত ২১ জুলাই আইনগত প্রক্রিয়ায় এফিডেভিটের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর শুক্রবার মোহনগঞ্জে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে কনের পরিবার। কনের বাবা স্থানীয় ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন জানান, বিদেশি নাগরিক হওয়ায় বিয়ের আগে চীনা দূতাবাস ও ছেলের পরিবারের সঙ্গে প্রয়োজনীয় সব তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের সঙ্গেও বিষয়টি নিয়ে পরামর্শ করা হয়েছে এবং তাঁর নিশ্চিতকরণের পরেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
চীন থেকে আসা বিদেশি জামাইকে এক নজর দেখতে ও তাঁর সঙ্গে ছবি তুলতে কনের বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। বর্তমানে এলাকাটি নতুন এই দম্পতিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে সুলিন নিজ দেশে ফিরে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে লিজাকে চীনে নিয়ে যাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
