AdvertisementAdvertisement

তিন দশক আগের সম্পর্কের নতুন অধ্যায় রিচার্ড গিয়ার ও সিন্ডি ক্রফোর্ডের সন্তানদের রূপালি পর্দায় অভিষেক

তিন দশকেরও বেশি সময় আগের এক আলোচিত বিচ্ছেদ পেরিয়ে হলিউডের দুই কিংবদন্তি রিচার্ড গিয়ার এবং সিন্ডি ক্রফোর্ডের পথ ভিন্ন হয়ে গেলেও, তাঁদের উত্তরসূরিরা এখন নতুন এক অধ্যায় লিখছেন রুপালি পর্দায়। এফএক্সের নতুন ওয়েব সিরিজ ‘দ্য শার্ডস’-এর হাত ধরে প্রথমবারের মতো একই ফ্রেমে হাজির হয়েছেন রিচার্ড গিয়ারের পুত্র হোমার গিয়ার এবং সিন্ডি ক্রফোর্ডের কন্যা কাইয়া গারবার। নিউইয়র্ক প্রিমিয়ারের চাকচিক্যময় মঞ্চে দাঁড়িয়ে তাঁরা ভাগ করে নিলেন একসঙ্গে কাজ করার দারুণ সব মুহূর্ত।

রিচার্ড গিয়ার ও তাঁর দ্বিতীয় স্ত্রী কেরি লওয়েলের সন্তান হোমার জানালেন, শুটিং সেটের আগে তাঁদের সখ্যতা ছিল না বললেই চলে। তবে মহড়ার সুবাদে পরিচয়ের মাত্র দুই সপ্তাহের মধ্যেই গড়ে ওঠে চমৎকার বন্ধুত্ব। এদিকে, সিন্ডি ক্রফোর্ড ও র‍্যান্ডি গারবারের কন্যা কাইয়াকে নিয়ে এক সাংবাদিক কৌতূহলবশত জানতে চেয়েছিলেন, বাবা-মায়ের পুরনো সম্পর্কের সূত্র ধরে তাঁদের আগে থেকেই কোনো পরিচয় ছিল কি না। বুদ্ধিদীপ্ত হাসিতে কাইয়া পাল্টা প্রশ্ন করেন, ‘কোন সম্পর্ক?’—যা মুহূর্তে বিনোদন অঙ্গনের গসিপ কলামে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

সহশিল্পী হিসেবে হোমারের ভূয়সী প্রশংসা করে কাইয়া বলেন, অত্যন্ত প্রাণবন্ত এবং রসবোধসম্পন্ন হোমারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটি ছিল অসাধারণ। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও হোমারের হাস্যরসাত্মক আচরণ পুরো দলকে বেশ আনন্দ দিয়েছে।

অভিনয় জগতে হোমার গিয়ারের পথচলা নতুন নয়, এর আগেও ‘ইউফোরিয়া’ সিরিজের মাধ্যমে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি। তবে অভিনয়ের সূক্ষ্ম কৌশল আয়ত্ত করতে এখনো তিনি নির্দ্বিধায় শরণাপন্ন হন বাবা রিচার্ড গিয়ারের। হোমার জানান, তিনি সরাসরি অভিনয় শেখার চেয়ে পেশাদার জীবনের জটিলতা সামলানো এবং সেটে নিজেদের সেরাটা দেওয়ার কৌশলগুলোই বাবার কাছ থেকে জেনে নেন। এমনকি পুরো শুটিং চলাকালীন প্রায় প্রতিদিনই রিচার্ড গিয়ারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে, যা তাঁকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়েছে। গ্ল্যামার দুনিয়ার এই নতুন প্রজন্মের রসায়ন এখন দর্শকদের মাঝেও দারুণ সাড়া ফেলেছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%