ফুটবল নিয়ে বর্ণবাদী মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

বিশ্ব ফুটবলের উন্মাদনায় যখন কাঁপছে গোটা পৃথিবী, তখন সেই জোয়ারে গা ভাসিয়েছিলেন খোদ ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। ফিফা বিশ্বকাপে ফ্রান্সের জয় উদযাপন করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অদ্ভুত মন্তব্য করে বসলেন এই কিংবদন্তি অভিনেতা। তার করা সেই পোস্ট ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক, যা শেষ পর্যন্ত অমিতাভকে বাধ্য করে প্রকাশ্যে ক্ষমা চাইতে।

বিজ্ঞাপন

বিতর্কের সূত্রপাত ফ্রান্সের জয় নিয়ে করা অমিতাভের একটি পোস্টকে ঘিরে। ৮৩ বছর বয়সী এই অভিনেতা ফরাসি ফুটবল দলের সদস্যদের বর্ণ নিয়ে মন্তব্য করতে গিয়ে লেখেন, ফরাসি দলে এগারো জনের মধ্যে দশ জনই কৃষ্ণাঙ্গ এবং একজন শ্বেতাঙ্গ, আর এটাই নাকি কালো মানুষের আসল শক্তি। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে। অনুরাগীদের বড় একটি অংশ তাকে স্মরণ করিয়ে দেন যে, ফুটবলারদের জাতিগত পরিচয় নয়, বরং তাদের জাতীয়তা এবং খেলার নৈপুণ্যই মূখ্য। অনেকের মতে, এমন সংবেদনশীল সময়ে অমিতাভের এই মন্তব্য ছিল অত্যন্ত অসংবেদনশীল ও অনাকাঙ্ক্ষিত।

পরিস্থিতি বেগতিক দেখে অমিতাভ দ্রুত নিজের ভুল বুঝতে পারেন এবং পুনরায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন। তিনি লেখেন, প্রতিটি দিনই নতুন কিছু শেখার সুযোগ নিয়ে আসে। নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটি চারিত্রিক দৃঢ়তার পরিচয়। তিনি আরও যোগ করেন, তর্ক-বিতর্কের চেয়েও ভুল স্বীকার করে বিষয়টি সুরাহা করাই শ্রেয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে নিজেকে সংশোধন করার এই মানসিকতা প্রশংসিত হয়েছে অনেকের কাছেই।

এদিকে ব্যক্তিগত জীবনের বিতর্কের বাইরে অমিতাভ বচ্চন এখন পুরোপুরি মনোযোগী নিজের কর্মজীবনে। রূপালি পর্দায় নিজের রাজত্ব বজায় রেখে তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন ব্লকবাস্টার পৌরাণিক সাই-ফাই চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলের জন্য। নাগ অশ্বিন পরিচালিত এই উচ্চাভিলাষী প্রজেক্টে অমিতাভের সঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে দক্ষিণী তারকা প্রভাস এবং কিংবদন্তি কমল হাসানকে। প্রথম পর্বের সফলতার পর নতুন এই সিক্যুয়েল ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%