AdvertisementAdvertisement

নাটোরে নজরুল বর্ষ উদযাপনে রুহুল কবির রিজভী: নজরুলের আদর্শ গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে

নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কবি কাজী নজরুল ইসলামের আদর্শ কেবল শহরকেন্দ্রিক নয়, বরং দেশের প্রতিটি গ্রাম-গঞ্জে ছড়িয়ে দিতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবি নজরুলকে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিয়েছিলেন। ১৯৪৭, ১৯৭১ এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও নজরুলের গান ও সাহিত্য জাতিকে বারবার জাগিয়ে তুলেছে।

নজরুলকে বিদ্রোহের কবির পাশাপাশি প্রেমের, সাম্যের ও খোদাভীরু কবি হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, তিনি হিন্দু-মুসলিম নির্বিশেষে সর্বস্তরের মানুষের কবি। নজরুল একদিকে যেমন শ্যামাসংগীত রচনা করেছেন, তেমনি ইসলামী সংগীতের সুরের মূর্ছনায় মানবতাকে উজ্জীবিত করেছেন। তার সাহিত্য থেকে মানুষ ন্যায়-অন্যায়ের পার্থক্য এবং অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা গ্রহণ করছে।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে রিজভী আহমেদ বলেন, বিএনপির কয়েক মাসের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও শেয়ারবাজার কেলেঙ্কারির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ করা হয়েছে এবং কৃষকরা পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন। বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা ও মিথ্যা প্রচারণার পথ পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার খাল খনন ও বিভিন্ন কার্ড বিতরণের মাধ্যমে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বক্তব্যে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না এবং কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। ফ্যাসিবাদ পুনরুত্থান ঘটলে দেশ ও জাতি অনিরাপদ হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন।

Advertisement
বিজ্ঞাপন

জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান এবং জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। এছাড়া নজরুল গবেষক ড. মুন্সি আবু সাইফ ও মো. গোলাম মোস্তফা কবির জীবন ও কর্মের ওপর বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপন।

এর আগে প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী নাটোর চিনিকল পরিদর্শন করেন। এ সময় চিনিকল কর্তৃপক্ষের উপস্থিতিতে ঘাটতি থাকলেও সিবিএ সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা তাকে স্বাগত জানান।

0%
0%
0%
0%