খুলনায় ছাত্রশিবিরের জুলাই রিবর্ণ ম্যারাথন অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুলনায় ‘জুলাই রিবর্ণ ম্যারাথন’ শীর্ষক এক বর্ণাঢ্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সোনাডাঙ্গা উত্তর সাংগঠনিক থানা। শুক্রবার সকালে নগরীর শিববাড়ি মোড় থেকে এই ম্যারাথন শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে সোনাডাঙ্গা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে উজ্জীবিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান। সোনাডাঙ্গা থানা উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ মুয়াজের সভাপতিত্বে এবং শাখার সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও সোনাডাঙ্গা অঞ্চল পরিচালক আব্দুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে রাকিব হাসান বলেন, জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের পথচলার দিশা দেখিয়েছে। ফ্যাসিবাদকে হটিয়ে নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে। তিনি আরও যোগ করেন যে, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই এই অভ্যুত্থানের চেতনা চিরজীবী হয়ে থাকবে।
ম্যারাথন শেষে আয়োজিত সমাবেশে স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, জুলাইয়ের সেই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
