ড্যারেন স্যামির মন্তব্যে চটেছেন আলজারি জোসেফ ভুল ব্যাখ্যায় বিতর্কের মুখে ক্যারিবীয় কোচ

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে আলজারি জোসেফের নিজেকে সরিয়ে নেওয়া নিয়ে তৈরি হয়েছে উত্তপ্ত বিতর্ক। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামির মন্তব্যকে ‘প্রসঙ্গহীন’ এবং ‘বিতর্কিত’ বলে আখ্যায়িত করেছেন এই ফাস্ট বোলার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণার সময় জোসেফের অনুপস্থিতির কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করলেও, পরবর্তীতে স্যামি সংবাদমাধ্যমের সামনে দাবি করেন যে জোসেফ নিজেই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জোসেফ।
অ্যান্টিগা অবজারভারের ‘গুড মর্নিং জোজো স্পোর্টস শো’ অনুষ্ঠানে জোসেফ স্পষ্ট জানিয়েছেন, প্রধান কোচের এমন বক্তব্যের উদ্দেশ্য সম্পর্কে স্যামি নিজেই অবগত ছিলেন। জোসেফের মতে, স্যামির এই মন্তব্য জনসমক্ষে তাকে নিয়ে একটি নেতিবাচক আবহ তৈরি করেছে, যা মোটেও কাম্য ছিল না। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, কোচের সঙ্গে তার পূর্বেই আলোচনা হয়েছিল এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে তিনি বিষয়টি অবগত করেছিলেন।
নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে জোসেফ জানান, দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকার পর ইনজুরি থেকে ফিরে আসাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। দ্বিতীয়বার স্ট্রেস ফ্র্যাকচারে আক্রান্ত হওয়ার পর ভারত ও নিউজিল্যান্ড সফর মিস করেন তিনি। পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ৫টি ওয়ানডে খেলেছেন। টানা খেলার ধকল এবং শরীরের বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত নেন তিনি, যা মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ ছিল।
ড্যারেন স্যামির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জোসেফ পেশাদারিত্বের ওপর জোর দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন যে, তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে মাঠে নামেন, কোনো ব্যক্তির জন্য নয়। তাই ব্যক্তিগত সম্পর্কের চেয়ে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করাটাই তার কাছে মূখ্য। কোচের মন্তব্যে সম্পর্কের কোনো অবনতি হয়েছে কি না, তা নিয়ে মাথা না ঘামিয়ে বরং নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়ার কথাই পুনর্ব্যক্ত করেছেন এই ক্যারিবীয় পেসার।
