ত্রিশালে ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো স্থানীয় বাসিন্দা রিপন মিয়ার আট বছর বয়সী ছেলে জোবায়েদ এবং পাঁচ বছর বয়সী শামিম। শুক্রবার দুপুরে ঘটা এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার পর দুই ভাই কাদা ধোয়ার উদ্দেশ্যে পানিতে নামে। একপর্যায়ে ছোট ভাই শামিম অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দেয়। দুর্ভাগ্যবশত, জোবায়েদও গভীর জলে তলিয়ে যায়।
সন্তানদের দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে তাদের মা খোঁজাখুঁজি শুরু করেন। পুকুরপাড়ে এক শিশুকে ভাসতে দেখে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। শুক্রবার মাগরিবের নামাজের পর পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন সম্পন্ন হয়। এই অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের মাতম চলছে।
