হাঙ্গুতে পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলা, ডিএসপিসহ নিহত ৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাংগু জেলায় একটি পুলিশ তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ডিএসপি দিয়ার খানসহ আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে হাংগুর খাজিনা বান্দা এলাকায় এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্রের তথ্যমতে, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন দায়িত্বরত কর্মকর্তারা। উভয়পক্ষের তীব্র গোলাগুলিতে আটজন জঙ্গি নিহত হয়েছে এবং পুলিশের আট সদস্য শাহাদাতবরণ করেছেন।
এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ফিতনা আল-খাওয়ারিজের নাপাক ষড়যন্ত্র নস্যাৎ করতে গিয়ে পাকিস্তানের সাহসী পুলিশ সদস্যরা নিজেদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। সন্ত্রাসবিরোধী যুদ্ধে খাইবার পাখতুনখোয়া পুলিশ সম্মুখ সারিতে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তাদের এই চিরস্থায়ী ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শহীদ পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মহসিন নকভি তাদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন। পাশাপাশি হামলায় আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, সন্ত্রাস নির্মূলে সরকারের অবস্থান অটল। পুলিশের এই আত্মত্যাগ দেশ ও জাতির ইতিহাসে অমর হয়ে থাকবে বলেও মন্তব্য করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ