AdvertisementAdvertisement

হাঙ্গুতে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ ৮ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙু জেলায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় একজন উপ-পুলিশ সুপারসহ (ডিএসপি) ৮ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে হাঙুর খাজিনা বান্দা তল্লাশি চৌকিতে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, তল্লাশি চৌকিটিতে সন্ত্রাসীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালালে পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, দুপক্ষের তীব্র বন্দুকযুদ্ধের ঘটনায় ডিএসপি দিয়ার খানসহ মোট ৮ জন পুলিশ সদস্য বীরত্বের সঙ্গে লড়াই করে প্রাণ হারিয়েছেন। পাল্টা অভিযানে ৮ জন সন্ত্রাসীও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই ভয়াবহ সংঘর্ষে ২২ জন পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসা প্রদান করা হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

জেলা পুলিশ কর্মকর্তা মুজাহিদ হোসেন জানিয়েছেন, আহত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের নির্মূলে ওই অঞ্চলে বর্তমানে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

পাকিস্তানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা নিহতদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পলাতক হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%