AdvertisementAdvertisement

লাহোরে বসতবাড়ির ছাদ ধসে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বেশ কয়েকজন

পাকিস্তানের লাহোরের ভাটা মুহাম্মদ দিন কলোনিতে ভারি বর্ষণের ফলে একটি জরাজীর্ণ বসতবাড়ির ছাদ ধসে পড়ার ঘটনায় চারজন আটকা পড়েছেন। বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন, তবে ধ্বংসস্তূপের নিচে আরও চার থেকে ছয়জন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। দুর্ঘটনাস্থলে ছয়টি জরুরি সেবার গাড়ি এবং ২০ জন স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মূলত অত্যধিক বৃষ্টিপাতের কারণে বাড়িটির দুর্বল ছাদ ধসে পড়ে এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

এদিকে, সম্ভাব্য বড় ধরনের ঝুঁকি এড়াতে শহরজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। লাহোরের জরাজীর্ণ ভবনগুলোকে চিহ্নিত করে সেগুলোর মালিকদের নোটিশ পাঠানো হয়েছে। এই ভবনগুলো হয় দ্রুত সংস্কার করতে হবে, নতুবা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ, যাতে ভবিষ্যতে এমন কোনো অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা না ঘটে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%