সিন্ধুর গণপরিবহন আধুনিকায়নে ৫০০ বৈদ্যুতিক ও ৫০ ডাবল ডেকার বাস নামানোর সিদ্ধান্ত

পাকিস্তানের সিন্ধু প্রদেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নিয়েছে প্রাদেশিক সরকার। এই পরিকল্পনার আওতায় খুব দ্রুত প্রদেশের রাস্তায় যুক্ত হতে যাচ্ছে ৫০টি ডাবল-ডেকার এবং ৫০০টি অত্যাধুনিক বৈদ্যুতিক বাস। পরিবেশবান্ধব এই গণপরিবহন ব্যবস্থা চালুর মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সিন্ধু প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে প্রদেশের পরিবহন খাতের উন্নয়ন, নতুন বাসের ডিপো নির্মাণের জন্য জমি বরাদ্দ এবং ভবিষ্যতের পরিবহন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পরিবহন সচিব আসাদ জামিন, করাচি উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক আসিফ জান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে চলমান গণপরিবহন প্রকল্পগুলোর অগ্রগতি এবং বাস পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। বর্তমান এবং ভবিষ্যৎ অবকাঠামোর চাহিদা বিবেচনায় বিভিন্ন জেলায় সরকারি জমির প্রাপ্যতা ও প্রস্তাবিত স্থানগুলো নিয়েও সভায় বিশদ পর্যালোচনা করা হয়েছে।

জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমন সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনারদের নির্দেশনা দিয়েছেন যেন দ্রুততার সঙ্গে নিজ নিজ এলাকায় খালি সরকারি জমি চিহ্নিত করা হয়। নতুন এই বাসগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও ডিপো নির্মাণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, সাধারণ জনগণকে আরামদায়ক ও পরিবেশবান্ধব গণপরিবহন সুবিধা প্রদানে পাকিস্তানর সিন্ধু সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুততম সময়ের মধ্যে নতুন বাসগুলো রাস্তায় নামানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%