পাঞ্জাবের ম্যারেজ হল ও রেস্তোরাঁয় নজরদারি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত সরকারের

রাজস্ব আদায় বৃদ্ধি এবং কর ফাঁকি রোধে এবার কঠোর অবস্থানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সরকার। প্রদেশের লাহোরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের রাজস্ব পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ ঘোষণা দিয়েছেন যে, এখন থেকে সব বিবাহ মিলনায়তন, মার্কি, ফার্মহাউস এবং বড় চেইন রেস্তোরাঁগুলোতে বাধ্যতামূলকভাবে নজরদারি ক্যামেরা স্থাপন করা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই নতুন কর্মপরিকল্পনার অংশ হিসেবে বড় রেস্তোরাঁগুলোতে নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানর মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ সাফ জানিয়েছেন, বিশ্ব যদি নগদবিহীন অর্থনীতির পথে হাঁটতে পারে, তবে পাকিস্তান কেন পারবে না। কর ফাঁকির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, ডিজিটাল লেনদেন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি বিক্রয় ও লেনদেনের ওপর কঠোর নজর রাখা হবে।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিষয়ে সভায় জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫২৮.৫ বিলিয়ন রুপি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিশাল লক্ষ্য অর্জনে পাঞ্জাব রেভিনিউ অথরিটিকে তাদের সক্ষমতা বাড়ানো এবং জনবল নিয়োগের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া কর ফাঁকি রোধে নিয়মিত সাপ্তাহিক প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন যে, পাঞ্জাব রেভিনিউ অথরিটির মিডিয়া উইংকে আরও সক্রিয় করতে হবে যাতে কর সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধি পায়। যেকোনো এনফোর্সমেন্ট বা কঠোর পদক্ষেপ নেওয়ার সময় সাধারণ মানুষকে এর কারণ সম্পর্কে স্পষ্টভাবে অবহিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন। ভুয়া রসিদ প্রদান কিংবা বিক্রয় তথ্য গোপন করার মতো অনিয়মের বিরুদ্ধে সরকার কোনো ছাড় দেবে না বলেও সভায় কঠোর বার্তা দেওয়া হয়।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ